
টাঙ্গাইলের মির্জাপুরে চেতনানাশক দ্রব্য খাইয়ে অটোচালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি মজিদুল ইসলাম ওরফে বিক্কু (৩৪) কে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার ১১ মার্চ রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পীরপল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অটোচালক আলকাজ মিয়া প্রতিদিনের মতো অটো নিয়ে বের হন।
সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে চুরির উদ্দেশ্যে অতিরিক্ত মাত্রায় চেতনানাশক দ্রব্য সেবন করায়।
পরে তাকে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জুই-যুথি সিএনজি পাম্পের পূর্ব পাশে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অচেতন অবস্থায় ফেলে রেখে তার ব্যবহৃত অটোটি ছিনিয়ে নেয়।
পরে হাইওয়ে পুলিশ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোচালক আলকাজ মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত ২ মার্চ মির্জাপুর থানায় একটি হত্যা ও অটোচুরির মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩২৮/৩৭৯/৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা হয়।মামলা দায়েরের পর থেকেই র্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে।
তদন্তের এক পর্যায়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পীরপল বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মজিদুল ইসলাম ওরফে বিক্কুকে গ্রেফতার করা হয়।
এ অভিযানে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প সহায়তা করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
মো.সাজিদ পিয়াল টাঙ্গাইল থেকে 

















