
হবিগঞ্জ জেলা কারাগারে নবীগঞ্জের রাসেল মিয়া (২৭) নামে এক কয়েদির মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রাসেল মিয়া জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা আতিক মিয়ার ছেলে। তিনি এমরুল মিয়া হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি কারাগারে পাঠানো হয়েছিলেন।
কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন। এ সময় কারাগারের হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। বুধবার সকালে তিনি কারাগারের বাথরুমে পড়ে যান। পরে কারাগারের চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে সকাল ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো.বিল্লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে রাসেল মিয়ার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৭ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এমরুল মিয়াকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় পরদিন (৮ নভেম্বর) নিহত এমরুল মিয়ার বড় ভাই নজরুল ইসলাম নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাসেল মিয়াসহ মোট সাতজনকে আসামি করা হয়।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে। 

















