
সৌদি আরবের আল-খারিজ শহরে ইরানের সাম্প্রতিক মিসাইল হামলায় মো.মোশারফ হোসেন (৪০) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৩ নং গজারিয়া ইউনিয়নের কীর্ত্তন খোলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
নিহত মোশারফ হোসেন এই গ্রামের মো.সুরজত আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে আল-খারিজ শহরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সম্প্রতি ওই এলাকায় ইরানের ছোড়া মিসাইল হামলার ঘটনায় তিনি নিহত হন বলে পরিবারকে জানানো হয়েছে।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। গ্রামের মানুষজনও তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বিদেশে কঠোর পরিশ্রম করছিলেন মোশারফ হোসেন। তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে। পবিত্র মাহে রমজানে তার এ মৃত্যুতে পরিবার ও স্বজনরা ভেঙে পড়েছেন। তারা দ্রুত মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়জন প্রতিনিধি ও এলাকাবাসী নিহতের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মো. সাজিদ পিয়াল টাঙ্গাইল থেকে। 


















