
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরের মরা কাকড়া খাল পুণঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নবপল্লব প্রকল্পের আওতায় ও সিএনআরএস এর বাস্তবায়নে এবং বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে মরা কাকড়া খাল পুণঃখনন কাজের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি।
এসময় এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন তিনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই সিদ্ধান্ত নিয়েছিলো, বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে, এই খাল খননের কাজ আবার শুরু করবে। এরই ধারাবাহিকতায় আমরা খাল খনন এবং খাল পুণঃখনন কাজ শুরু করেছি। এসময় তিনি আরো বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মরা কাকড়া খাল পুণঃখনন কাজ বাস্তবায়িত হলে তালিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষক ও সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়াও এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু ওইদিন উপজেলার বর্ণি ইউনিয়নে ২ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি আরসিসি সড়কের উদ্বোধন করেন এবং হাতলিয়া এলাকায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে দলছড়া খাল পুনঃ খনন কাজ পরিদর্শন করেন।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম সুমন জুড়ী থেকে। 


















