
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে বাড়ালে এক হাত, হবে শত হাত স্লোগানকে সামনে রেখে শিক্ষার মান উন্নয়নে এগিয়ে যাচ্ছে বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা। আজ বনগাঁও গ্রামের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাজের সার্বিক উন্নয়নে মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে সংস্থার নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমান ইংল্যান্ড প্রবাসী সদস্য তারেক আহমদ। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে গ্রামের শিক্ষার মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন সংস্থার সভাপতি সাইখুল হুসাইন অপু এবং সাধারণ সম্পাদক আজাদ রহমান। তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধকরণ এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কোচিং, বই, খাতা ও অন্যান্য শিক্ষাসামগ্রী সরবরাহের আশ্বাস প্রদান করেন।
এছাড়াও উপস্থিত অনেক অভিভাবক তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নবীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাবিল আহমদ, অর্থ সম্পাদক মারজান আহমদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ, প্রচার সম্পাদক হুসাম আহমেদ, কার্যনির্বাহী সদস্য রিপন আহমদ ও ইমরান আহমদ, আলী হাসান, সোহাগ আহমদ, কাওছার আহমদ, মাসুম আহমদ, নাইম আহমদ-সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বর্তমান শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ, নৈতিক শিক্ষার প্রসারসহ শিক্ষা কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সকলেই শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই আয়োজন কেবল একটি আলোচনা সভাই নয়, বরং শিক্ষার মান উন্নয়নে একটি দৃঢ় অঙ্গীকার—যা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুয়েল আহমদ, নবীগঞ্জ প্রতিনিধি 


















