
সিলেটের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ গরু, মহিষ এবং অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজারমূল্য ৩৫ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা।
জৈন্তাপুরে ১৫ গরু, ৪ মহিষ ও পিকআপ জব্দ
১৯ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সদরের একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলায় অভিযান চালায়।
সীমান্তের শূন্য লাইন থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফেরিঘাট এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় গরু, ৪টি মহিষ ও অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করে। জব্দকৃত গরু, মহিষ ও পিকআপের আনুমানিক সিজারমূল্য ৩৪ লক্ষ টাকা।
অপর এক অভিযানে গত ২৪ ঘণ্টায় কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপি (বর্ডার আউটপোস্ট)-এর একটি আভিযানিক টহলদল কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৫০ কেজি চিনি এবং ১টি ভারতীয় মোটরসাইকেল জব্দ করা হয়।
এই জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ১ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা।
বিজিবি সূত্রে আরও জানা যায়, উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ৩৫ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা।
এনামুল ইসলাম, জৈন্তাপুর প্রতিনিধি 



















