
বড়লখায় মাদকের ছড়াছড়ি, সীমান্ত চোরাচালান, চুরি, কিশোর গ্যাংকের অপতৎপরতা বৃদ্ধিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সোমবার অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা, চোরাচালান ও মানবপাচার কমিটির মাসিক সভায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু মাদক, চোরাচালান, চুরি ও কিশোর গ্যাংকের অপতৎপরতাসহ জননিরাপত্তায় বিঘ্ন ঘটে এমন কর্মকান্ড নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে থানার ওসি-সহ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন। কিশোর গ্যাংক আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।
তিনি বলেন, আমার দলেরও অনেকে মহিষ পাচার ও মাদকের সাথে জড়িত রয়েছেন, আমার কাছে তথ্য আছে।’ আমি আগেই প্রশাসনকে অবহিত করেছিলাম আমার দলের কেউ মাদক ও মহিষ পাচারে সম্পৃক্ত পেলেই তার বিরুদ্ধে ডারল একশন নিতে। কিন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ দেখিনি। তিনি থানার ওসিকে ইঙ্গিত করে বলেন, রাতের বেলা আর যেন কোনো মহিষের (ভারতীয় চোরাই) গাড়ি চলাচল করতে না পারে। না হলে তিনি নিজেই চোরাই মহিষের গাড়ি আটক করাবেন। তিনি অপরাধ দমনে বিশেষ করে মাদক ও চোরাচালান নির্মুলে পুলিশের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান।
সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মাহফুজুর রহমান, সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা এমাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ।
বড়লেখা প্রতিনিধি 


















