
সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক (পাওয়ার জেল) এবং ৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার ২৩ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর চা-বাগান সংলগ্ন একটি টিলায় এই অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসআরবি-৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল জানতে পারে, জৈন্তাপুর থানাধীন শ্রীপুর চা-বাগানের পাশের একটি টিলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে এসআরবি-৯-এর সদর কোম্পানি এবং ৪৮ বিজিবির একটি যৌথ দল রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালায়।
অভিযানকালে টিলার আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে পড়ে থাকা দুটি পলিথিনের ব্যাগ থেকে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক (যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম) এবং ৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামতের সঙ্গে তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকদ্রব্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 


















