
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে সরকারি সফরে পাকিস্তান গেছেন সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। এ প্রতিনিধিদলে স্থান পেয়েছেন মৌলভীবাজারের দুই সংসদ সদস্য এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন তাঁরা। আগামী ২৮ নভেম্বর সফর শেষে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিদলে এম নাসের রহমান ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই জেলার দুই সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক সফরে অংশগ্রহণকে মৌলভীবাজারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সফরকে সামনে রেখে গত ১৯ নভেম্বর জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৭ নভেম্বর সংসদ সচিবালয় থেকে এ-সংক্রান্ত সভার নোটিশ জারি করা হয়েছিল।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুই দেশের আইনসভা পরিচালনা, সংসদীয় গণতন্ত্র ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হবে।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার 


















