
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) মারা গেছেন। ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে সোমবার ২৩ নভেম্বর দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দীর্ঘ ছয় দিন অচেতন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন মামুন। চিকিৎসকদের চেষ্টা এবং স্বজনদের অপেক্ষা—কোনো কিছুই শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
মামুন মিয়া মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে মমতা বেগম (২৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। বাবার মৃত্যুতে ছোট্ট দুই সন্তান এখন পিতৃহারা।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে শ্রীধরপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে ঘটনার রাতে মামুনকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাঁর স্ত্রী মসলা পেষার পাথরের শিল দিয়ে মাথার পেছনে ও মুখে একাধিকবার আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে বাড়িতে রেখে পালিয়ে যান মমতা বেগম।
পরে স্বজনরা মামুনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের কারণে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে ছেলের সুস্থতার আশায় হাসপাতালের আইসিইউর সামনে অপেক্ষা করছিলেন বাবা কাউছার মিয়া ও পরিবারের সদস্যরা। ছেলের অবস্থার উন্নতি না হওয়ায় তাঁরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন। শেষ পর্যন্ত ছেলের মৃত্যুসংবাদ শুনতে হলো তাঁদের।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মমতা বেগম মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে গত শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযুক্ত মমতা বেগমকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। মামুনের মৃত্যুর পর মামলাটির পরবর্তী আইনগত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
একটি পারিবারিক বিরোধের ঘটনায় অকালে ঝরে গেল ৩২ বছর বয়সী মামুনের প্রাণ। বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাঁর দুই সন্তান। অন্যদিকে সন্তান হারানোর বেদনায় ভেঙে পড়েছেন বাবা কাউছার মিয়া ও পরিবারের সদস্যরা। এ ঘটনায় শ্রীধরপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
আল আমিন খান, হবিগঞ্জ 

















