
দেশকে অস্থিতিশীল করতে একটি দল মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে, তবে তাদের এসব অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং জনগণও সজাগ আছে।
শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসে নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও গভর্নমেন্ট প্লিডারদের (জিপি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সিলেটের গোয়াইনঘাট সীমান্তে সমাবেশ করার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অবৈধ এমপির কার্যক্রমও অবৈধ। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকবে।’
এ সময় দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা স্মরণীয় হয়ে থাকবে।
মতবিনিময় সভায় সিলেটের নবনিযুক্ত আইন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 
















