
সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৯, সিলেট এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হল—সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ফয়ছল আহমদ (২৭) এবং বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ এলাকার মো. হাবিল মিয়ার স্ত্রী সুহাদা বেগম (৩০)।
এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি দল ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানাধীন লক্ষ্মীপাশা ইউনিয়নের দক্ষিণভাগ তালিপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে ফয়ছল আহমদকে আটক করা হয়. পরে তার দেওয়া তথ্যানুযায়ী বসতঘরের খাটের নিচ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় স্কচটেপ দিয়ে মোড়ানো ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়।
একই দিন বিকেল পৌনে চারটার দিকে বিয়ানীবাজার থানাধীন দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সুহাদা বেগমকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিদের ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার 


















