
শান্তিগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির ৬শ’ ৪৭ জন শিক্ষার্থী অংশ নেন।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।
পরীক্ষা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যানার-ফেস্টুনে সাজানো হয় বিদ্যালয় এলাকা। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয় আয়োজক কর্তৃপক্ষ।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন সিলেট জজকোর্টের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. ইয়াসিন খান।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শান্তিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফিজ আবু খালেদ, চেয়ারম্যান মো. নুর নবী, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মানিক লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুধা রঞ্জন মজুমদার, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
এ ছাড়া শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী জমিরুল ইসলাম মমতাজ, সভাপতি সুহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কার্যনির্বাহী সদস্য কুহিনুর রহমান নাহিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শান্তিগঞ্জ উপজেলায় এবার পঞ্চমবারের মতো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন
শান্তিগঞ্জ প্রতিনিধি 


















