
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি গাভী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে গরু পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১৪-২৪১৫ নম্বরের একটি হলুদ রঙের পিকআপও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে গরু দুটি ও পিকআপ উদ্ধার এবং চারজনকে আটক করা হয়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের চান্দপুর এলাকায় বুড়া ঠাকুরের আখড়া-সংলগ্ন একটি খালি জায়গায় ঘাস খাওয়ানোর জন্য দুটি লাল রঙের গাভী বেঁধে রাখেন মালিক। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে কোনো একসময় গরু দুটি চুরি হয়। পরে মালিক সেখানে গিয়ে গরু দুটি না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানান।

অভিযোগ পাওয়ার পর পুলিশ লামুয়া বাজার, সরকারবাজার ও সাধুহাটি এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। লামুয়া বাজারের একটি ক্যামেরার ফুটেজে ঢাকা মেট্রো-ন-১৪-২৪১৫ নম্বরের হলুদ রঙের একটি পিকআপে গরু দুটি নিয়ে যেতে দেখা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে রাজনগর থানার অন্তহরি গ্রামে অভিযান চালিয়ে ধীরেশ সরকারের ছেলে রুবেল সরকারের বাড়ি থেকে পিকআপটি উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তহরি গ্রামের ধীরেশ সূত্রধরের ছেলে দ্বীপেন সূত্রধর (২০) এবং মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে এলেমান মিয়া (৩৮) ও নারায়ণ সরকারের ছেলে স্বপন সরকারকে (২৩) আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর এলাকায় এলেমান মিয়ার গোয়ালঘর থেকে ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করা হয়।
অভিযোগে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের সহায়তায় গরু দুটি চুরি করে পিকআপে করে এলেমান মিয়ার গোয়ালঘরে রাখার কথা স্বীকার করেছেন।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ বলেন,চুরি, ছিনতাই, রাহাজানি ও মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গরু চুরির অভিযোগ পাওয়ার পরপরই বিভিন্ন সূত্রের তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে চুরি হওয়া গরু দুটি ও পিকআপ উদ্ধারসহ চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার 


















