
সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, শটগানের গুলি, বিস্ফোরক এবং পুলিশের লুণ্ঠিত একটি তাজা সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
রবিবার ২৫ অক্টোবর রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের একটি আভিযানিক দল সিলেট এসএমপির এয়ারপোর্ট থানাধীন বাইপাস এলাকায় অবস্থান করার সময় গোপন সূত্রে খবর পায় যে, খাদিমনগরের পীরেরগাঁও এলাকার একটি জঙ্গলে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে এসআরবির টিমটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।
পরবর্তীকালে জঙ্গলে ফেলে রাখা একটি পলিথিনের শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরি ১টি ওয়ান শুটার পাইপগান, ৪টি পাওয়ার জেল, ৪টি নন-ইলেক্ট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ, ৪ রাউন্ড তাজা শটগানের কার্তুজ এবং পুলিশের লুণ্ঠিত ১টি অবিস্ফোরিত (তাজা) সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
অভিযানকালে উদ্ধারকৃত আলামতের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে এসআরবি-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা সমস্ত আলামত জিডিমূলে সিলেটে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির গোয়েন্দা নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 


















