
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। গত তিন দিনে দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চল সংলগ্ন সীমান্তে এসব ঘটনা ঘটে। ৫২ বিজিবি ব্যাটালিয়ন দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় এসব পুশইনের চেষ্টা প্রতিহত করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এ সময় ভারতীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
গত তিন দিনে প্রায় ৩০ জনকে আমরা পুশইনের চেষ্টা প্রতিহত করেছি। ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকে 


















