
সিলেটের শাহপরাণ এলাকার বসতঘরের চাল কেটে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত আল আমিন (৩৩)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো যৌথ অভিযানে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন সিলেট জেলার শাহপরাণ (রহ.) থানাধীন বালুটিকর খাদিমপাড়া এলাকার মোঃ আব্দুল আলিম হিলিম মিয়ার ছেলে।
এসআরবি-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বাদী উম্মাহ্ পারভীন (কলি) গত ১৩ আগস্ট বিদেশে (সিঙ্গাপুর ও মালয়েশিয়া) যান। এই সুযোগে ১৪ আগস্ট রাতে অজ্ঞাত চোরেরা তাঁর বসতঘরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে গচ্ছিত মূল্যবান স্বর্ণালংকার, রৌপ্য ও নগদ অর্থসহ আনুমানিক ৩৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে বাদী সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন এবং দেশে ফিরে এসএমপি’র শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৮, তারিখ: ১০/০৯/২০২৬)। ঘটনাটি জানার পর থেকে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর রাতে এসআরবি-৯, সদর কোম্পানী সিলেট এবং সিপিসি-৩ সুনামগঞ্জের একটি যৌথ দল সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্টে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন, এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 


















