
সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৬৮ বোতল বিদেশী মদ ও ৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল পৌনে ৭টার দিকে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের উৎমাছড়া পর্যটন স্পট সংলগ্ন বনপুর (আদর্শ গ্রাম) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বনপুর গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৯) এবং একই গ্রামের মোঃ শহিদ মিয়ার ছেলে মোঃ জফির মিয়া (২২)।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শান্তির বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে যে, উৎমাছড়া পর্যটন স্পট সংলগ্ন একটি বাড়িতে কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে সকালে সেখানে অভিযান চালায় র্যাব।
অভিযানের বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টাকালে প্রথমে জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের পেছনের একটি গর্ত থেকে ৩৪ বোতল বিদেশী মদ ও ৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পরবর্তীতে জসিমের দেওয়া তথ্যে একই গ্রামের জফির মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৩৪ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে যোগসাজশ করে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আলামতসহ কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার 

















