
হবিগঞ্জের চুনারুঘাটে মাকে মারধরের অভিযোগে প্রীতম সরকার (৩২) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রীতম ওই গ্রামের রুক্ষ মনি সরকারের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় প্রীতম তাঁর মাকে লাঠি দিয়ে মারধর করেন। বিষয়টি স্থানীয় সংবাদকর্মী হাফিজ আহমেদ তালুকদার উপজেলা প্রশাসনকে জানান।
খবর পেয়ে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে প্রীতমকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিনি মদ পান করার কথা স্বীকার করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৫ উপধারায় প্রীতমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাসুক ভূঁইয়া ও শামীম আহমেদ বলেন, প্রীতম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে তাঁরা জানেন। মাদকের টাকা নিয়ে তিনি মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন বলেও তাঁদের দাবি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রীতমের মাদকাসক্তির কারণে তাঁর স্ত্রী কয়েক বছর আগে এক কন্যাসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। 
















