
হবিগঞ্জের লাখাই উপজেলায় একটি বসতবাড়ির মুরগির খোঁয়াড়ের মাটির নিচ থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সালেহা বেগম ওরফে আবুনী (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার তেঘরিয়া উত্তর গ্রামের ওই বাড়িতে অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। সালেহা বেগম ওই গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মানিক সাহার নেতৃত্বে পুলিশ সালেহা বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় মুরগির খোঁয়াড়ের মাটি খুঁড়ে একটি ডিব্বা উদ্ধার করা হয়। পরে ডিব্বাটি তল্লাশি করে ১২২ পুরিয়া গাঁজা পাওয়া যায়। পুলিশের হিসাবে, উদ্ধার করা গাঁজার মোট ওজন ৪৫০ গ্রাম।
পুলিশ জানায়, গাঁজা রাখার অভিযোগে সালেহা বেগমকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এসআই মানিক সাহা বলেন, মাদক সংরক্ষণের অভিযোগে সালেহা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিত ভাবে চলছে। মাদক সংরক্ষণ, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। 















