
সিলেটের মোগলাবাজারে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
ডাকাত দলের সদস্যরা চালক ও হেলপারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কন্টেইনার ভেঙে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গিয়েছিল।
গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর এলাকায় আভিযানিক দল পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল আহাদ (৩০)। তিনি সিলেটের মোগলাবাজার থানার সুলতানপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাতে মৌলভীবাজারের বড়লেখা শাখা অফিস থেকে বিভিন্ন গ্রাহকের আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের পোশাক, ইলেকট্রনিক্স সামগ্রী, মোবাইল ফোন, ল্যাপটপসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান সিলেট চণ্ডিপুলস্থ ডিস্ট্রিবিউশন অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। কাভার্ড ভ্যানটিতে চালক মোঃ আরাফাত হাসান (২৪), হেলপার মোঃ সোহাগ মিয়া (২০) ও সুমন আহমেদ (৩৫) দায়িত্বে ছিলেন।
পরদিন ১ ডিসেম্বর রাত আনুমানিক ৩ টা ১৫ মিনিটের সময় কাভার্ড ভ্যানটি মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের রয়েল সিটি আবাসিক এলাকার গেইট সংলগ্ন স্থানে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের নোয়াহ্ গাড়ি এসে গতি রোধ করে। নোয়াহ্ গাড়ি থেকে ৬-৭ জন অজ্ঞাতনামা ডাকাত নেমে চালক ও হেলপারদের গলায় ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে কন্টেইনারের চাবি ছিনিয়ে নেয়।
এর কিছুক্ষণ পর সাদা রঙের একটি প্রাইভেটকারে আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলে এসে কাভার্ড ভ্যানের কন্টেইনার খুলে ভেতরে থাকা আনুমানিক ২০ লাখ টাকার মালামাল লুট করে দ্রুত সিলেট শহরের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিঃ সিলেটের ইনচার্জ রাশেদুজ্জামান বাদী হয়ে এসএমপি সিলেটের মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০১, তারিখ: ০১/১২/২০২৫)। মামলাটির পর জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়াতদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারি জোরদার করে, যার পরিপ্রেক্ষিতে এই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপি সিলেটের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 















