
সিলেটের হাসপাতালগুলোর সামগ্রিক পরিবেশ এবং চিকিৎসার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ সন্তুষ্টির কথা জানান।
হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানকার পরিবেশ অত্যন্ত ভালো। পরিদর্শনের সময় চিকিৎসকদের এক পাশে সরিয়ে আমি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেছি। রোগীরা জানিয়েছেন চিকিৎসার মান ভালো এবং চিকিৎসকদের ব্যবহারও আন্তরিক। দু-একটি ছোটখাটো বিষয় ছাড়া আমি নিজেও পরিবেশ বেশ ভালো দেখেছি। সার্বিক ব্যবস্থাপনায় আমি খুবই খুশি।

এর আগে সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পর হাসপাতালের চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় বৈঠকে মিলিত হন।
পরবর্তীতে সকাল ১১টায় মন্ত্রী সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির সহ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 


















