
‘আমার মুক্তি আলোয় আলোয়’ -রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের আলোকিত সুরের আবেশে কুলাউড়ায় বসেছিল এক মনোমুগ্ধকর সংগীতের আসর। বিশিষ্ট সংগীতশিল্পী জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামার পরিবেশনায় মুগ্ধতায় ভরে ওঠে দর্শক-শ্রোতাদের হৃদয়। সংগীতের সুর, আবৃত্তি ও বাদ্যযন্ত্রের মূর্ছনায় প্রাণবন্ত হয়ে ওঠে ‘দখিন দাওয়া’।
বুধবার ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় কুলাউড়ার দক্ষিণবাজারে দখিন দাওয়া পার্টি সেন্টারে সাহিত্য-সাংস্কৃতিক কর্মী ফোরাম, কুলাউড়ার উদ্যোগে এ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। গোলাম মোস্তফা পাভেলের সার্বিক তত্ত্বাবধানে এবং শফি আহমদ চৌধুরী জুয়েলের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান কুলাউড়ার সাংস্কৃতিক অঙ্গনে নতুন এক মাত্রা যোগ করে।

শিল্পীদের সংগীত পরিবেশনার পাশাপাশি হাসান সালেহের আবৃত্তি, শাহরিভার তানভীর হোসেনের গিটার এবং সিতাংশু চৌধুরী সুমিতের তবলা বাদন আয়োজনকে করে তোলে আরও উপভোগ্য। গান, কবিতা ও বাদ্যযন্ত্রের অপূর্ব সমন্বয়ে উপস্থিত দর্শক-শ্রোতারা উপভোগ করেন এক ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সাহিত্য-সাংস্কৃতিক কর্মী ফোরামের সদস্য এবং সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।
আয়োজকদের মতে, সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ, সংগীত ও সাহিত্যনির্ভর সৃজনশীল পরিবেশ গড়ে তোলা এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই ধরনের সঙ্গীতসন্ধ্যা আরও বেশি বেশি হউক এটা সবারই কাম্য।
সঞ্জয় দেবনাথ, কুলাউড়া 


















