
সিলেটের বিয়ানীবাজারে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র পলাতক আসামি আবুল আহমদকে (৩২) ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার কলেজ অব নার্সিংয়ের সামনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামের জব্বার আলীর ছেলে। তিনি সম্পর্কে ভুক্তভোগী শিশুটির মায়ের মামাতো ভাই (মামা)। শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবি-৯ (সিলেট) এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ ও সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি বিয়ানীবাজারের দেউলগ্রাম উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত আবুল আহমদ দীর্ঘদিন ধরে শিশুটির প্রতি কু-দৃষ্টি দিয়ে আসছিলেন। গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে শিশুটিকে বাড়িতে একা রেখে তার বাবা-মা চিকিৎসার জন্য বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এই সুযোগে আবুল আহমদ ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
পরে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে শিশুটি কান্নাকাটি করে মোবাইল ফোনে তার বাবা-মাকে দ্রুত বাড়িতে আসতে বলে। বাবা-মা বাড়িতে ফিরে ঘটনার বিস্তারিত জেনে শিশুটিকে চিকিৎসার জন্য বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর শিশুটির বাবা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-৩৬) দায়ের করেন।
মামলার পর থেকেই পলাতক আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ (সদর কোম্পানি, সিলেট) এবং এসআরবি-২ (সিপিসি-৩, আগারগাঁও ক্যাম্প, ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল ১২ নভেম্বর রাতে ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার, কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 



















