
সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে এক আন্তঃজেলা ডাকাত এবং দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কতোয়ালী মডেল থানা পুলিশ।
রোববার (১০ আগস্ট) নগরীর সদর কোর্ট এলাকা ও কাষ্টঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম সদর কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. জামাল হোসেন সবুজকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জামাল একজন পেশাদার আন্তঃজেলা ডাকাত। তার বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় দুটি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মুলতবি রয়েছে। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা, ২টি ডাকাতি, ১টি ডাকাতির প্রস্তুতি এবং ২টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা বিচারাধীন।
অন্যদিকে, একই দিন বিকেল ৫টায় কোতোয়ালী থানা পুলিশের অপর এক টিম নগরীর কাষ্টঘর এলাকায় অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্র (সুইচ গিয়ার চাকু) সহ তাজুল ইসলাম রাসেল নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল সুনামগঞ্জ সদরের মাইজবাড়ী গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
স্টাফ রিপোর্টার 

















