
টাঙ্গাইলের মধুপুরে একটি বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে স্থানীয় জনতা। মধুপুর পৌরশহরের টেকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে কথিত মাদক কারবারি মো. হাফিজুর রহমান পালিয়ে যান বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকিপাড়া এলাকার শুকুর আলীর ছেলে মো.হাফিজুর রহমানের বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত রয়েছে-এমন খবর পেয়ে শুক্রবার (১১ সেপ্টম্বর) বিকেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা তার বাড়ি ঘেরাও করেন। বিষয়টি টের পেয়ে হাফিজুর রহমান দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।

পরে স্থানীয় লোকজন হাফিজুর রহমানের বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা দেখতে পান। এ সময় বসতঘর ও আশপাশের এলাকা থেকে মোট প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তাঁরা জানান। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি মধুপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ইয়াবা জব্দ করে বলে জানা গেছে।
মধুপুর থানা পুলিশ জানায়, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পলাতক হাফিজুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।
তবে উদ্ধার করা ইয়াবার সঠিক পরিমাণ এবং ঘটনার সঙ্গে হাফিজুর রহমানের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে পুলিশ জানিয়েছে।
মো. রিপন মধুপুর, টাঙ্গাইল। 

















