
সিলেটের গোয়াইনঘাটে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়া সংলগ্ন নদীর তীরে হাতিরপাড়া ও পুকাশ গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।
ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবজল, সয়ফুল, হামিদ ও ফারুকের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীভাঙন তীব্র হয়ে হাতিরপাড়া ও পুকাশ গ্রামের বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।
বক্তারা বলেন, অব্যাহতভাবে বালু উত্তোলন বন্ধ না হলে দুই গ্রামের আরও ফসলি জমি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম, ইজ্জত উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। তারা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।
গোয়াইনঘাট প্রতিনিধি 

















