
সিলেটের কানাইঘাটে সামাজিক অপকর্মের প্রতিবাদ করায় আজিজুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি নাহিয়ানকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চিকনাকুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাহিয়ান কানাইঘাট উপজেলার আগফৌদ (নারায়নপুর) গ্রামের বাসিন্দা বিটি মড়ার ছেলে।
র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভিকটিম আজিজুর রহমান ও আসামিরা একই এলাকার প্রতিবেশী। আসামিরা এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় আজিজুর রহমান তাদের প্রতিবাদ ও বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
এরই জেরে গত ২৪ জুলাই জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মসজিদ থেকে বের হওয়ার পর দুপুর পৌনে ২টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজিজুরের পথরোধ করে। এ সময় চায়নিজ কুড়াল দিয়ে তার পেটে আঘাত করা হলে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ জুলাই সকালে মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সিলেট জেলার কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৪, তারিখ: ২৯/০৭/২০২৬ খ্রিঃ)। পরবর্তীতে ভিকটিমের মৃত্যু হলে মামলায় পেনাল কোডের ৩০২ (হত্যা) ধারা যুক্ত করা হয়।
মামলাটির তদন্ত ও আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আসামি নাহিয়ানকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য, এর আগে গত ২ আগস্ট এই মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছিল র্যাব-৯।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সিলেটের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 


















