
সিলেটের বালাগঞ্জে টিসিবির তেল খুচরা বিক্রির সময় মোবাইল কোর্টের অভিযানে ইউনিক এন্টারপ্রাইজ এর প্রোপাইটর নোমান আহমদ ও দোকানদারকে পৃথক দুটি মামলায় মোট ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বালাগঞ্জ সদর ইউনিয়নের হাসামপুর পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে হাসামপুর পয়েন্টের শরিফ মার্কেটে সোহেল মিয়ার দোকানে টিসিবির তেল খুচরা বিক্রি করা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলারকে ১ লাখ টাকা এবং দোকানদারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে দণ্ডের অর্থ আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টিসিবির পণ্য নির্ধারিত নিয়ম ও শর্ত অনুযায়ী বিতরণ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
বালাগঞ্জ প্রতিনিধি। 

















