
সিলেটে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ কেনাবেচার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও পরিবেশ অধিদপ্তর।
রোববার (১৬ আগস্ট) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেটের কতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় এই যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, র্যাব-৯ (সিপিএসসি, সিলেট) এবং সিলেট পরিবেশ অধিদপ্তরের একটি আভিযানিক দল কতোয়ালী থানা এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন কেনাবেচা ও ব্যবহারের অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রি, প্রদর্শন, মজুত ও ব্যবহার প্রতিরোধে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে এ ধরনের অপরাধবিরোধী ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 


















