
সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান এবং শটগানের কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শুক্রবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব-৯ এর সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোলাপগঞ্জ থানাধীন লক্ষ্মণাবন্দ ইউনিয়নের মুকিতলা এলাকার একটি বাঁশঝাড়ের ভেতর অবৈধ অস্ত্র রয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রাতে (২৬ মার্চ দিবাগত রাত) আনুমানিক ১২:০৫ মিনিটে র্যাবের দলটি উক্ত স্থানে তল্লাশি চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান ১৬০টি এয়ারগানের গুলি ৪টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে উক্ত অস্ত্রের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগান ও কার্তুজগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি র্যাব-৯ সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে মোট ৪৬টি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ১০১টি ককটেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এই ধরণের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 



















