
মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) ও শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসান পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামালখানীস্থ পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াত করেন পাঠাগার পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক দিলোয়ার হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। সভাটি যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাদিক আহমেদ ও পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মিন্টু মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালির আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের অনন্য প্রতীক। একইসাথে পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী জ্ঞানচর্চা ও আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং শহীদ বুদ্ধিজীবী সায়ীদুল হাসানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে এমপি ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠন করা। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পাঠাগারের মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগকে আরও বেগবান করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
দিলোয়ার হোসাইন, বানিয়াচং থেকে। 


















