
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিলেট কল্যাণ সমিতির উদ্যোগে ৫৫ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (বিকেল ৪টা) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি মধ্যবাজারের জাহাঙ্গীর কমপ্লেক্সে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জজ কোর্টের অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মোঃ আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, অসহায় ও দুস্থ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, একটি সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করতে পারবেন, যা তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে সহায়ক হবে। তিনি উপকারভোগীদের প্রতি আহ্বান জানান, যেন তারা এসব সেলাই মেশিন ব্যবহার করে আয় বৃদ্ধি এবং নিজেদের প্রয়োজন মেটাতে সচেষ্ট হন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা রেজিস্ট্রার আব্দুল করিম দলা মিয়া, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেপু, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি শাহ মোস্তাকিন আলী প্রিন্স, যুক্তরাজ্য প্রবাসী বুলবুল আমিন, সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জোৎস্না ইসলাম, বিশিষ্ট সমাজসেবী বয়েতউল্লাহ, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ৫৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যা তাদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 


















