
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত মো. মাহদী (৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহদী উপজেলার লামাতাসি ইউনিয়নের কাজিহাটা গ্রামের মো. আব্দুল আহাদের ছেলে। তিনি স্থানীয় মমচাঁন-মনজব দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রোববার (১৫ মার্চ) দুপুরে কটিয়াদি-নন্দনপুর সড়কের ভাতকাটিয়া এলাকায় মাহদী সড়ক পারাপারের সময় কটিয়াদি বাজারগামী একটি ইজিবাইক (টমটম) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান এবং অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার পর শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে। 


















