
সুনামগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত সংসদস সদস্য কয়ছর এম আহমদ বলেছেন,শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি ও আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা সত্যিই বিরল।
তারা বিগত নির্বাচনে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে চিরকৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
এখন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) এর উন্নয়ন করতে চাই। এজন্য দরকার সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া। আপনারা সবসময় আমাকে দোয়া ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।
রবিবার শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কয়ছর আহমদ বলেন, ভোটাররা তাদের কাজ করে দেখিয়েছেন। এখন সময় আমার। আমি এলাকার উন্নয়নে কাজ করবো। শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে দু’টি মডেল উপজেলা নির্মাণে যা যা করণীয় তা করবো। নির্বাচনে যারা আমাকে ভোটে দিয়ে নির্বাচিত করেছেন, মাঠে ঘাটে পরিশ্রম করে ধানের শীষের জয় সুনিশ্চিত করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। একই কমিটির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এড. মল্লিক মইনুদ্দিন সোহেল পিপি, আনছার উদ্দিন ও ফারুক আহমদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জমিয়ত নেতা মাও. আতিকুল হক।
ইফতার ও দোয়া মাহফিলে সুনামগঞ্জ জেলা বিএনপি, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা বিএনপিসহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হোসাইন আহমেদ, শান্তিগঞ্জ থেকে 








