
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি শ্যালো মেশিন ধ্বংস করা হলেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
১ মার্চ (রবিবার) বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।
প্রথম দফায় উপজেলার মোকাবাড়ী আলুবাগান এলাকায় অবৈধভাবে গর্ত করে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি শ্যলো মেশিন জব্দ করে ধ্বংস করা হলেও কাউকে হাতে নাতে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে রুপচেং এলাকায় বড়গাং নদীতে ফসলি জমি বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। তবে এখানেও কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
সবশেষে জৈন্তাপুর সদর স্টেশন বাজার এলাকায় পবিত্র রমজান মাসে নিত্যপন্যের দ্রব্য দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়েছে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
এনামুল ইসলাম, জৈন্তাপুর প্রতিনিধি 








