
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীর কাটারি নামক স্থানে এখন মাছ শিকারীদের মিলনমেলা বসেছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আসা সৌখিন ও পেশাদার মৎস্য শিকারীরা হুইল বরশি দিয়ে মনের আনন্দে মাছ ধরছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই নদীতে মাছ শিকারের জন্য উপযুক্ত সময়। সিলেট ও এর আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক শিকারী এই সময়ে জাফলংয়ে এসে ভিড় জমান।
স্থানীয় মাছ শিকারী রাসেল ও আব্দুল মান্নান জানান, গত বছরও এই সময়ে অনেকে শখের বশে আবার অনেকে পেশাদারীভাবে মাছ ধরতে এসেছিলেন। এ বছরও একই রকম উৎসবমুখর পরিবেশে মাছ ধরা শুরু হয়েছে। পিয়াইন নদীর এই অংশে মাছ শিকারকে কেন্দ্র করে এক দারুণ উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে, যা সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দিচ্ছে।
ইকবাল আহমেদ, গোয়াইনঘাট থেকে। 



















