
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের রাজনৈতিক সমীকরণ নাটকীয়ভাবে পরিবর্তন হতে শুরু করেছে। এই আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। গত ২৬ ডিসেম্বর গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন। তার এমন ঘোষণায় এই আসনে বিএনপির ভোট ব্যাংক তিন ভাগে বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার ফলে সুবিধাজনক অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী।
অ্যাডভোকেট মোহাম্মদ আলী জানান, এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা এবং সাধারণ জনগণের দাবির মুখে তিনি প্রার্থী হতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, যাদের নিয়ে আমি রাজনীতি করি, সেই মানুষের ভালোবাসার প্রতি সম্মান জানাতেই আমার এই সিদ্ধান্ত।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোহাম্মদ আলীর এই ঘোষণা অন্যান্য প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশেষ করে বিএনপির ভোট দুই উপজেলায় ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এই আসনে বিএনপির ভোট মূলত তিন ভাগে বিভক্ত হওয়ার উপক্রম হয়েছে, ফকির মাহবুব আনাম স্বপন বিএনপির দলীয় মনোনীত প্রার্থী। তার অনুসারীদের দাবি, দুই উপজেলার নেতাকর্মীরা তার পক্ষে ঐক্যবদ্ধ আছেন। মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রার্থী হলেও তাদের কোন৷ সমস্যা নেই। তারা ফকির মাহবুব আনাম স্বপনের পাশে আছেন। জয় তাদেরই হবে।
অপরদিকে অ্যাডভোকেট মোহাম্মদ আলী: স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামায় তিনি বড় একটি অংশ নিজের দিকে টানবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি দীর্ঘদিন মাঠে ময়দানে নিরলস ভাবে কাজ করে আসছেন।
অপরজন লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ, সাবেক বিএনপি নেতা ও বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তিনি নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন গৃহহীনদের ঘর নির্মাণসহ নানা সামাজিক কর্মকাণ্ডের কারণে তার একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে । দল থেকে বহিষ্কৃত হলেও বিএনপির একটি অংশ প্রকাশ্যে তার সঙ্গে কাজ করছেন তার বলয়ের নেতাকর্মীদের দাবী।
বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দল ও একাধিক প্রার্থীর উপস্থিতিতে ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলী। জামায়াতের একক প্রার্থী হওয়ায় তাদের ভোট ব্যাংক অটুট রয়েছে। বিএনপির ভোট তিন ভাগে ভাগ হলে জামায়াত প্রার্থীর জয়ের সম্ভাবনা বেড়ে যেতে পারে বলে সাধারণ ভোটাররা মনে করছেন। যদিও এই আসনে বিএনপি বা স্বতন্ত্র প্রার্থী জয়ের সম্ভবনা বেশি বলে দুই উপজেলার বিএনপির ঘরনার মানুষের দাবী।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৪০ হাজার ১২১ জন। মধুপুরের ভোটার ২ লক্ষ ৯৭ হাজার ৬২৯ জন, পুরুষ ১ লক্ষ ৪৬ হাজার ৬৩৪ জন এবং মহিলা ভোটার ১লক্ষ ৪৬ হাজর ৯৯৫ জন এবং ধনবাড়ীতে মোট ভোটার ১ লক্ষ ৪২ হাজার ১৪০ জন। পুরুষ ৬৯ হাজার ৬৪৮ জন, মহিলা ভোটার ৭২ হাজার ৪৯২ জন। (২০২৪ সালের হিসাব অনুযায়ী)।
মধুপুর ও ধনবাড়ী উপজেলার ভোটার বিন্যাসে এই আসনের লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে পারে।
নির্ণায়ক হতে পারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বা পাহাড়ের আদিবাসীদের ভোট।
মধুপুর এলাকায় প্রায় ৪০ হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটার রয়েছেন,(এই ভোটের কোন সরকারি হিসেব নেই)। এই বিশাল ভোটব্যাংক যে প্রার্থীর পক্ষে যাবে, তার পাল্লাই ভারী হবে! অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকদের দাবি, পাহাড়ের এই ভোটগুলো তাদের বাক্সে পড়ার সম্ভাবনা প্রবল। কারন মোহাম্মদ আলী এই লাল মাটির সন্তান, তিনি প্রায় সময় সভা সমাবেশে বক্তব্য দিয়ে আসছেন। তার নেতাকর্মীদের ও দাবী, তিনি মধুপুরের সন্তান,আদিবাসীরা তাদের পক্ষে রায় দিবেন বলে তারা আশাবাদী।
ফকির মাহবুব আনাম স্বপনের নেতাকর্মীদের দাবী,ধনবাড়ী উপজেলার আয়তনে ছোট হলেও ধনবাড়ীবাসী ঐক্যবদ্ধভাবে ‘ধানের শীষের’পক্ষে রায় দেবেন দুই উপজেলার মানুষ। ফকির স্বপনকে তারা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে দেখছেন।
অপরদিকে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও কর্নেল আজাদ দুই স্বতন্ত্র প্রার্থীই তাদের ব্যক্তিগত জনপ্রিয়তা ও সামাজিক কাজের ওপর ভিত্তি করে জয়ের ব্যাপারে আশাবাদী তাদের নেতাকর্মীরা।
এডভোকেট মোহাম্মদ আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনৈতিক করে আসছি।ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে এখন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ন মহাসচিবের দায়িত্বে আছি। বিগত সরকারের আমলে দীর্ঘদিন জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। আমি দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি আমার দুই উপজেলার মানুষের দাবী প্রেক্ষিতে স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা দিয়েছি। আমি আশাবাদী আমি নির্বাচনে জয়ী হব। দুই উপজেলার মানুষের সেবায় নিয়োজিত থাকব।
এই আসনের সাধারণ ভোটারদের ধারণা, মূল লড়াইটা হবে অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং ফকির মাহবুব আনাম স্বপনের মধ্যে। তবে সমীকরণ যেদিকেই যাক না কেন, আগামী ১২ ফেব্রুয়ারি মধুপুর-ধনবাড়ীবাসী তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি বেছে নেবেন এটাই সাধারণ মানুষের ধারণা।
হ্যাপি আক্তার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি। 



















