
সিলেটবাসীর প্রতি কথিত বৈষম্যের প্রতিবাদ এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়নের দাবিতে গত দু’দিন ধরে সর্বসাধারণের পক্ষে সিলেটে অনশন ধর্মঘট পালিত হয়। আন্দোলনকারীদের মূল দাবিগুলোর মধ্যে ছিল ঢাকা-সিলেট মহাসড়কটি ৬-লেনে দ্রুত উন্নীত করা, রেললাইনে ডাবল লাইন স্থাপন করা, এবং বিমান চলাচলের অভ্যন্তরীণ রুটে ভাড়া কমানো।
এই দাবিগুলো নিয়ে আন্দোলনকারীরা আজ ১১ অক্টোবর সন্ধ্যায় থেকে চৌহাট্টা শহীদ মিনার প্রাঙ্গণে রাস্তা অবরোধ করে তাদের আন্দোলনকে আরও তীব্র করে তোলে।
রাস্তা বন্ধ থাকার কারণে জিন্দাবাজার পর্যন্ত যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে এলেও আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় থাকেন।
তারা দাবি করেন যে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) স্বয়ং ঘটনাস্থলে এসে তাদের সাথে আলাপ করে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা অবরোধ তুলে নেবেন না।
অবশেষে, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম ঘটনাস্থলে আসেন এবং আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন। তাঁর আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারীরা তাদের অনশন ভঙ্গ করেন এবং সড়ক অবরোধ তুলে নেন। অনশনকারীদের জেলা প্রশাসক সারওয়ার আলম পানিও জুস পান করিয়ে অনশন ভাঙান।
জেলা প্রশাসক আন্দোলনকারীদের আশ্বাস দেন যে তিনি তাদের দাবিগুলো সরকারের যথাযথ কর্তৃপক্ষের নজরে আনবেন।
সাদেক আলী হোসেন। 













