
বানিয়াচংয়ে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেদের ব্যতিক্রমী উদ্যোগেই এলাকার নানান সমস্যা সমাধানে নেমেছেন তরুণ পাঁচ বন্ধু।
সরকারি উদ্যোগের অপেক্ষায় বসে না থেকে এস এম তারেক, মো. জীবন আমিন, মো. দানিয়াল হোসেন দিমান, মো. ফাহাদ আহমেদ ও তোফায়েল আহমেদ নামের এই পাঁচ বন্ধু তাদের স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করছেন হবিগঞ্জ-বানিয়াচং- আজমিরীগঞ্জ-নবীগঞ্জ সড়কের মাইলফলক গুলো।
যা দীর্ঘদিন ধরে ধুলোবালি, শেওলা ও ময়লায় ঢেকে থাকার কারনে গন্তব্যের নাম ও দূরত্ব সহজে বোঝা যেত না। বিশেষ করে অপরিচিত চালক ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হতো। তারা নিজ খরচে দীর্ঘ এক বছর ধরে সড়কের মাইলফলক গুলো পরিষ্কার করে পথচারী ও চালকদের জন্য সুবিধাজনক করে দেওয়া, এবং প্রতি শুক্রবারে বিভিন্ন মসজিদের অজুখানা ও পানির ট্যাংক পরিষ্কার করার মাধ্যমে তারা একটি সুন্দর সমাজ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন।

পাঁচ বন্ধুর এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাব হোসাইন বলেন, পাঁচ বন্ধুর এমন স্বেচ্ছাসেবী ও অনুপ্রেরণামূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নাগরিক দায়িত্ববোধ থেকে তারা যেভাবে নিজেদের শ্রম ও সময় দিচ্ছেন, তা পুরো সমাজের জন্য একটি চমৎকার উদাহরণ।
বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন বলেন, বর্তমান সমাজে যেখানে ব্যক্তিস্বার্থই অনেক সময় মুখ্য হয়ে দাঁড়ায়, সেখানে এই তরুণদের এমন নিঃস্বার্থ সামাজিক কর্মকাণ্ড সমাজে এক ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।
আক্তার হোসেন আলহাদী,বানিয়াচং 


















