
প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা, দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা বৃদ্ধি এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে জামালপুর সদর উপজেলার ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে মানবিক সহায়তা সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগীদের চলাচলের সীমাবদ্ধতা কমানো, ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২১ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলার কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সংস্থার প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহি মাকাম। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনযাত্রা সহজ করতে সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চলাচলের উপযোগী সহায়ক সরঞ্জাম তাদের দৈনন্দিন কাজকর্ম সহজ করার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াতে পারে। এ ধরনের মানবিক উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করা সংস্থাটির মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। হুইলচেয়ার বিতরণের মাধ্যমে উপকারভোগীদের চলাচল সহজ করা এবং দৈনন্দিন জীবনে তাদের স্বাচ্ছন্দ্য ও স্বনির্ভরতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে। সমাজের পিছিয়ে থাকা মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে দোস্ত এইডের কার্যক্রম অব্যাহত থাকবে।
সাংবাদিক ও মানবাধিকারকর্মী ফজলে এলাহি মাকাম তাঁর বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ নিশ্চিত করা তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবারগুলোর দৈনন্দিন পরিচর্যার চাপ কমাতেও সহায়ক হতে পারে। তাদের প্রয়োজন ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য অত্যন্ত জরুরি।
আয়োজকরা জানান, জামালপুর সদর উপজেলার ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে, যাতে তারা তুলনামূলক সহজে চলাচল করতে পারেন এবং দৈনন্দিন কার্যক্রমে আরও বেশি অংশ নিতে পারেন। এ সহায়তা উপকারভোগীদের ব্যক্তিগত স্বাধীনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্বাস করে, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা অপরিহার্য। মানবিক সহায়তার পাশাপাশি তাদের জীবনযাত্রার মানোন্নয়ন, সামাজিক অংশগ্রহণ এবং স্বনির্ভরতা বৃদ্ধিতে সংস্থাটি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
মোঃ খোরশেদ আলম, জামালপুর 


















