
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ৫২টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে ফোনগুলো তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় ও নিরলস প্রচেষ্টায় বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। দীর্ঘদিন পর নিজের প্রিয় ও জরুরি হ্যান্ডসেটটি ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন প্রকৃত মালিকেরা। তারা এসএমপির এই উদ্যোগ ও তৎপরতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সাধারণ মানুষকে ব্যবহৃত বা পুরাতন মোবাইল ফোন কেনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তিনি বলেন,পুরাতন মোবাইল কেনার আগে অবশ্যই বিক্রেতার সঠিক পরিচয়, ক্রয়ের বৈধ কাগজপত্র এবং ডিভাইসের আইএমইআই (IMEI) নম্বর ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে পরবর্তীতে কোনো আইনি জটিলতায় পড়তে না হয়।
অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 

















