
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) রাতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের একটি পাহাড়ি জঙ্গল থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে— গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সড়কের পূর্ব পাশে পাহাড়ি জঙ্গলে এয়ারগান রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে র্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশিকালে ঢাকাদক্ষিণ সড়কের পূর্ব পাশে পাহাড়ের ওপর জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।
তবে তল্লাশিকালে উক্ত স্থানে অস্ত্রগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ০৫ আগস্ট ২০২৪ খ্রি. তারিখের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ এ পর্যন্ত সর্বমোট ৫১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৫৫টি এয়ারগান, ৩৭,০৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, ৪টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং ১১টি ককটেল উদ্ধার করেছে।
স্টাফ রিপোর্টার 

















