
সিলেটের কোম্পানীগঞ্জ থানার হত্যা, অস্ত্র, মাদক এবং চুরি-ডাকাতিসহ মোট ২০টি মামলার এজাহারনামীয় আসামি ও সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মো. কাউছার মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানাধীন পাঠানটুলা মোড়স্থ ফুলকলি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাউছার মিয়া কোম্পানীগঞ্জ থানার ফেদারগাঁও গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি-এর একটি আভিযানিক দল পাঠানটুলা এলাকায় অভিযান চালায়। কাউছার মিয়া ২০১৭ সালের একটি মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এছাড়াও তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা, অস্ত্র, মাদক ও চুরি-ডাকাতির আরও অন্তত ২০টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর এই ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 

















