
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবাজ আহমেদ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সবার আন্তরিক সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবাজ আহমেদ অতীতে এই এলাকার মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব পালনকালে তিনি ৪নং ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে এলাকাবাসীর অনেকের দাবি।
আগামী দিনের পরিকল্পনা ও প্রত্যাশা তুলে ধরে মেম্বার পদপ্রার্থী সাবাজ আহমেদ বলেন,আমি অতীতে যখন এই এলাকার মেম্বার ছিলাম, সাধ্যমতো ওয়ার্ডের মানুষের পাশে থেকে অনেক উন্নয়ন কাজ করার চেষ্টা করেছি। আপনাদের ভালোবাসা ও আস্থাই ছিল আমার বড় শক্তি। আমি ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ও নাগরিক সেবার মানোন্নয়নে আমি কাজ করতে বদ্ধপরিকর। এই পথচলায় ওয়ার্ডের মুরব্বি, তরুণ সমাজ ও মা-বোনদের পাশাপাশি দেশে এবং প্রবাসে অবস্থানরত সবার দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ৪নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় স্থানীয়দের মাঝে নানা আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জনকল্যাণমুখী নেতৃত্ব নির্বাচিত হয়ে ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো দ্রুত এগিয়ে নেবেন।
অনলাইন সিলেট ডেস্ক 


















