
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮ গ্রাম হেরোইনসহ আজাদ আলী (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদ আলী সিলেট জেলার শাহপরাণ থানার গইলাপাড়া গ্রামের মৃত তকলুছ আলীর ছেলে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ভার্থখলাস্থ রেলওয়ে স্টেশনের রেলওয়ে পার্সেল অফিস এলাকার একটি দোকানের সামনে রেললাইনের ওপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে এসআরবি-৯-এর একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আজাদ আলী। পরবর্তীতে তাকে আটক করে দেহ তল্লাশি চালানো হলে একটি সাদা পলিথিনে মোড়ানো ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
এ বিষয়ে এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সিলেটের রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-৯-এর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার 

















