
টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রফিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১নং গেইট এলাকার পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনা ও ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমানের তত্ত্বাবধানে এসআই রুবেল মিয়ার নেতৃত্বে এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানে রফিক বেপারীকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর ওজন (ব্লিস্টারসহ) প্রায় ১২ গ্রাম। পুলিশ জানিয়েছে, জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
গ্রেফতারকৃত রফিক বেপারীর বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, রফিকের বিরুদ্ধে এর আগেও মাদক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
শনিবার (১১ এপ্রিল) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি 


















