
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে এক ব্যক্তির বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় কিছুক্ষণ উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় সূত্র জানায়, সমরগাঁও গ্রামের বাসিন্দা রফিজ আলীর ছেলে সমুজ আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবার ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে সমুজ আলীর বক্তব্য জানা যায়নি।
এ পরিস্থিতিতে বুধবার সকালে স্থানীয় লোকজন তার বসতঘরে ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, সমুজ আলীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন তার বসতঘর ভেঙে দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ ও ঘটনার বিষয়ে আইনগত দিক বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে। 

















