
হবিগঞ্জের খোয়াই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ১০টি ড্রাম ট্রাক জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬মার্চ ) গভীর রাতে সদর উপজেলার রিচি ইউনিয়নের নছরতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পাওয়ার পর সদর থানা ও চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় নদী থেকে উত্তোলন করা মাটি বোঝাই অবস্থায় ১০টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
অভিযানের সময় মাটি উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তি মিজান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানান। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি সটকে পড়েন। ফলে কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র রাতের বেলা খোয়াই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীর ভাঙনসহ পরিবেশের ক্ষতি হচ্ছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন,অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়েছে। তবে ট্রাকগুলোর মালিক ও চালকদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন,ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে। 


















