
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার পিরোজপুর বাজারের ‘আল আমিন স্টোর’ নামক একটি মুদির দোকানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, দোকান মালিক আল আমিন প্রতি লিটার পেট্রোল ২৫০ টাকা দরে বিক্রি করছেন, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি।
ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে এবং বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক অভিযুক্ত ব্যবসায়ী আল আমিনকে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন। দণ্ড প্রদানের পাশাপাশি তিনি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করেন। একইসাথে সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অসাধু উপায়ে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করার কোনো সুযোগ দেওয়া হবে না। বাজার নিয়ন্ত্রণে জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে জানায় মধুপুর উপজেলা প্রশাসন।
স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 


















